গ্রামে নেয় কোন জল নিকাসি ব্যবস্থা। তাই বারবার অসুবিধার সম্মুখীন হতে হয় উত্তর দিনাজপুর জেলার বিধিবাড়ি গ্রামের মানুষদের। গ্রামে জল নিকাসের জন্য একটি ব্যবস্থা করা হক তা নিয়ে গ্রামবাসীরা বারবার প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের জানিয়েছিলেন। কোন কিছুতেই কোন কিছু না হওয়ায় শেষে বিধিবাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শুক্রবার গ্রামের মানুষরা বিক্ষোভ দেখায়।
জানা যায়, গ্রামের কোন রকম জল নিকাসি ব্যবস্থা না থাকার কারনে মাঝে মধ্যে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। জল নিকাসি ব্যবস্থার কথা বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়। প্রায় ৩ মাস আগে বিডিও, এস.ডি.ও, ওই এলাকার বিধায়ক এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টরকেও এই বিষয়ে লিখিত ভাবে জানানো হয়। তারপরেও কিছু হয় নি। এদিন আবার ঝড় বৃষ্টি হওয়ায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গ্রামের প্রায় ২০০টি বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। এই জল নিকাসের দাবিতে শুক্রবার কয়েক ঘণ্টা বিধিবারি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি যতক্ষণ কোন উদ্ধতন কর্তৃপক্ষ এসে তাদের এই সমস্যার সমাধান করবে ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবে।
অবরোধ চলার প্রায় ঘণ্টা খানেক পর ঘটনাস্থলে বিডিও আসেন। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন। সমস্ত নথিপত্র দেখার পর তিনি জানান ন্যাশন্যাল রোডের কর্তৃপক্ষের সাথে কথা বলে আজই এই জল নিকাসের ব্যবস্থা করা হবে। বিডিও-র আশ্বাসে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়।
উত্তরদিনাজপুর